কক্সবাজার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক পরিবারের তিন সদস্যকে বৃহস্পতিবার রাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতরা হলেন- হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকার বাসিন্দা নূরুল আলম নুরু (৫৫), তার স্ত্রী আনাজ বেগম (৫০) ও তাদের আট বছর বয়সী ছেলে আনোয়ার হোসেন।
হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো এক সময় বাবা, মা ও ছেলেকে জবাই করে হত্যা করা হয়। সকালে তাদের লাশ পাওয়া যায়।
জবাইয়ের পাশাপাশি আনাজ বেগমের একটি হাতও শরীর থেকে কেটে ফেলা হয় বলে তাহের জানান।
হত্যাকাণ্ডের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায় বলে ইউপি চেয়ারম্যান তাহের জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মহেশখালী থানা থেকে বলা হয়, ওসি স্বপন কুমার নাথ ঘটনাস্থলে রয়েছেন। তিনি ফিরলেই বিস্তারিত জানানো যাবে।
হত্যাকাণ্ডের কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তাহের বলেন, "নিহত নুরুল আলম অত্যন্ত নিরীহ মানুষ। এলাকায় তার কোনো শক্র আছে বলে জানা যায়নি।"
তবে ১০ সন্তানের জনক নূরুলের জমিজমা নিয়ে ছেলেদের মধ্যে বিরোধ রয়েছে। তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.
bdnews24