২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে রাজধানীর নিরাপত্তায় আড়াই হাজার র‌্যাব

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের নিরাপত্তায় সাত হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে রাজধানীতেই নিয়োজত থাকবে আড়াই হাজার এবং বাকিরা দেশের অন্যান্য এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সারাদেশের নিরাপত্তায় সাত হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে রাজধানীতেই নিয়োজত থাকবে আড়াই হাজার এবং বাকিরা দেশের অন্যান্য এলাকায়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, র‌্যাব সদস্যরা মূলত পশুর হাটে চাঁদাবাজি রোধ, অন্যান্য অপরাধ দমন ও ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাতায়াতাকারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে কাজ করবে। এ সময় ব্যাংকগুলোর ওপরও তারা নজর রাখবে। হাসান মাহমুদ আরো জানান, ঈদের ছুটিতে 'ফাঁকা' হয়ে যাওয়া ঢাকায় অপরাধী চক্রগুলো যেন সক্রিয় হতে না পারে সেজন্য র‌্যাব সদস্যরা কাজ করবে। এ কারণে পশুর হাট, কাঁচাবাজার, বিপণী বিতান, আড়ত, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পোশাকে র‌্যাব সদস্যরা ও সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা মোতায়েন থাকবে। থাকবে র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের সদস্যরাও। ঢাকা শহরে অবৈধ গরুর হাট প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, "বেআইনিভাবে কেউ গরুর হাট বসালে বা গরুর হাটকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালালে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।" র‌্যাব সদরদপ্তরের ওই সংবাদ সম্মেলনে পশুবাহী নৌযানগুলোতে চাঁদাবাজির প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, "বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ আসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।" বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে ঘিরে ঢাকাসহ সারাদেশে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বজায় থাকবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/এজে/এইচএ/১৯৩৬ ঘ.