সিরাজগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বাস ও টেম্পো শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় দুটি বাস ও ১০/১২টি টেম্পো ভাংচুর হয়।
এই ঘটনায় সিরাজগঞ্জ-বেলকুচি-এনায়েতপুর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার মুকুন্দগাঁতী বাজারে বাস ও টেম্পো শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডতা হয়। এর জেরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর বাসস্ট্যান্ডের সামনে বাস শ্রমিকরা ৭/৮ জন টেম্পো শ্রমিককে মারধর এবং তাদের গাড়ি ভাংচুর করে।
টেম্পো শ্রমিকরা শহরের কাটাখাল টেম্পো স্টান্ডের সামনে একটি বাস ভাংচুর করে এবং দুজন শ্রমিককে মারধর করে। এক পর্যায়ে শহরের এম এ মতিন বাসস্ট্যান্ড ও কাঠেরপুল এলাকায় দুপক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আ ফ ম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার তদন্ত চলছে।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়াল অভিযোগ করেন, তুচ্ছ ঘটনা নিয়ে গায়ে পড়ে টেম্পো শ্রমিকরা বাস শ্রমিকদের মারধর করেছে। তারা বাস ভাংচুর ও লুটপাট করেছে।
অপরদিকে টেম্পো শ্রমিক নেতা হামিদুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, ভটভটি (স্থানীয় ইঞ্জিত চালিত যান) শ্রমিকদের গণ্ডগোল শহরে টেনে এনে বাস শ্রমিকরা টেম্পো শ্রমিকদের মারধর ও ভাংচুর করেছে।
তিনি জানান, এ ঘটনায় তারা মামলার দায়ের প্রক্রিয়া শুরু করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২১ ঘ.
bdnews24