২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ভিজিএফ'র চাল আত্মসাত নিয়ে সংঘর্ষ

দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করা নিয়ে পাবনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

পাবনা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুস্থদের জন্য বরাদ্দ চাল বিতরণ না করে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করা নিয়ে পাবনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সকালে জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। চাটমোহর থানার ওসি শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওজনে কম ও ভূয়া নাম দিয়ে ভালনারেবল গ্র"প ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ১০-১২ বস্তা চাল আত্মসাতের জন্য রেখে দেওয়া হয়। আজ (সোমবার) সকালে ওই চাল ভাগাভাগি নিয়ে ইউপি সদস্য ফিরোজা বেগম ও মোসলেম উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল ১১টার দিকে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওসি জানান, আহতদের মধ্যে আব্দুস সোবহান (৪৫), নিদান মিয়া (৬০), আব্দুল লতিফ (৫০), আব্দুল মজিদ (৪৫), আবু তালেব (৪০), আমেনা খাতুন (৪০) ও শফি মিয়াকে (৪০) তাড়াল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৪ ঘ.