ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তির বিস্তারে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুবিধা ও সুফল সম্পর্কে সর্বস্তরের মানুষকে পর্যাপ্ত ধারণা দিতে হবে। জনগণকে হাতে-কলমে বুঝিয়ে দিতে পারলে এ খাতটি দ্রুত বিকাশ লাভ করবে।
রোববার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ সম্মেলন, ২০০৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং সমিতির সভাপতি মোস্তাফা জব্বার।
সম্মেলন উদ্বোধন করে জিল্লুর রহমান বলেন, সরকার দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যক্রমে তথ্যপ্রযুক্তি বিষয়ক কোর্স ও প্রবন্ধ অন্তর্ভুক্ত করার কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাসহ (এনজিও) সর্বস্তরের জনগণকে তথ্য প্রযুক্তির বিকাশে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর এক আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। উন্নত দেশের সমাজ ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি অভাবনীয় পরিবর্তন এনেছে। উন্নয়নশীল দেশগুলো সে তুলনায় পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশে কম্পিউটার আজ আর নতুন কোনো বিষয় নয়। তথ্যপ্রযুক্তির বিকাশ ও অগ্রগতিতে বাংলাদেশ সচেষ্ট।
রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ উন্নত বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছেন। ফলে সর্বস্তরে একটি নতুন প্রত্যাশা, উদ্যম ও সম্ভাবনার সুবাতাস বইতে শুরু করেছে। দারিদ্র্য দূরীকরণেও এ খাতটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়ও এ খাত সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৬১৬ ঘ.
bdnews24