সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ভারতের টাটা ন্যানো গাড়ির কারখানা স্থাপনের কথা ভাবছে নিটল-নিলয় গ্রুপ।
ক্রেতাদের আগ্রহ থাকলে আগামী তিন বছরের মধ্যে দেশে তৈরি এ গাড়ি বাজারে আনা সম্ভব- বলছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বুধবার গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেব্র"য়ারির মেলায় বাংলাদেশে প্রথমবারের মতো ন্যানো গাড়ি প্রদর্শন করা হবে। এখানে যদি দেশের ক্রেতাদের যথেষ্ট সাড়া মেলে তাহলে আমরা দেশেই গাড়িটি উৎপাদনের ব্যবস্থা করবো। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রাথমিক সার্ভের কাজ আমরা শুরু করেছি।"
ভারত থেকে কাচামাল সরবরাহে সুবিধা হবে দক্ষিণাঞ্চলের এমন কোনো জেলায় কারখানাটি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মাতলুব আহমেদ বলেন, "মধ্যবিত্তদের সামর্থের মধ্যে টাটা ন্যানো গাড়ি ইতোমধ্যে ভারতে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশেও এটি প্রচুর চাহিদার সৃষ্টি করবে বলেই আশা করছি।"
তিনি জানান, ফেব্র"য়ারির মেলায় ভারত থেকে আমদানি করা একেকটি ন্যানো গাড়ির মূল্য শুল্ক ও অন্যান্য খরচের পরে তিন বা সাড়ে তিনলাখ টাকায় দাঁড়াতে পারে।
ভারতে মাত্র একলাখ রুপিতে ন্যানো গাড়ি বাজারে ছেড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল টাটা। তবে দাম কমের কারণে ব্যাপক বিক্রির ফলে ক্রমবর্ধমান যানজট এবং বায়ুদূষণ তথা কার্বন নিঃসরণে এর সম্ভাব্য অবদানের কথা ভেবে বিশেষজ্ঞরা এ গাড়ি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
আগামী বছরের ফেব্র"য়ারির ২৫ থেকে ২৭ তারিখ ঢাকায় শেরাটন হোটেলে "ইন্ডিয়া ট্রেড ফেয়ার ২০১০" আয়োজন করেছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখানে ভারতের বিভিন্ন অঞ্চলের দেড়শটি ও বাংলাদেশের ৫০টির মতো প্রতিষ্ঠান অংশ নেবে। মেলাটি আয়োজনে ভারতীয় হাইকমিশন সহযোগিতা করছে।
বুধবার বিকালে ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের আমদানি-রপ্তানি মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা দাবি করেছেন।
এ মেলার মাধ্যমে দুই দেশের আমদানি-রপ্তানির পণ্য সম্পর্কে ব্যবসায়ীরা একটি সম্পূর্ণ ধারণা লাভ ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমেদ আরো জানান, পরে ভারতের চারটি পৃথক স্থানে এ মেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ভারত সরকারের কাছ থেকে এজন্যে অনুমোদনও পাওয়া গেছে। আগামী বছরের মধ্যেই এসব মেলার আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২২০২ঘ.
bdnews24