২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাইকে ক্রসফায়ার কেন বেআইনি নয়, প্রশ্ন হাইকোর্টের

মাদারীপুরে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাটি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 08:16 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাটি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি এএফএম আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মঙ্গলবার এ আদেশ দেন। সরকারের স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ চারজনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে। রোববার রাতে মাদারীপুরে র‌্যাবের সঙ্গে কথিত ক্রসফায়ারে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী লুৎফর খালাসী (৪০) ও তার ভাই খায়রুল খালাসী (৩৮) নিহত হয়। তারা আপন ভাই। দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো ক্রসফায়ারের ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়ে এর তদন্ত দাবি করে আসছে। হাইকোর্টের আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে হাইকোর্ট এই সুয়োমোটো রুল জারি করেছে।" 'ক্রসফায়ারে' নিহত দুই ভাই চরমপন্থি দলের সদস্য বলে র‌্যাবের দাবি। তাদের আরেক ভাইও এর আগে 'ক্রসফায়ারে' নিহত হয়। নিহত লুৎফরের ছেলে বাবলু খালাসী শনিবার এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার বাবা ও চাচাকে 'ক্রসফায়ারে' মেরে ফেলা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪১০ ঘ.