২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী জুন থেকে ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট চালু

সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৯-এর আওতায় আগামী বছরের জুন থেকে দেশে শুরু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৯-এর আওতায় আগামী বছরের জুন থেকে দেশে শুরু হচ্ছে ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট ব্যবস্থা। এজন্য ইতোমধ্যেই সনদদাতা কর্তৃপক্ষের নিয়ন্ত্রক নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এ পদে নিয়োগ পেয়েছেন। সোমবার 'ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট ব্যবস্থা প্রবর্তন' শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য জানান বিসিসি'র উপ-পরিচালক জাবেদ আলী সরকার। রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি কার্যালয়ে সাংবাদিকদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ডিজিটাল স্বাক্ষর ও ই-পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরামর্শক মুনির হাসান। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "বর্তমান সরকার কোন কিছুই গোপন রাখতে চায়না। আমরা চাই স্বচ্ছতার মধ্য দিয়ে সামনের দিকে এগোতে। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের মূল ধারণা।" কর্মশালার মূল পর্বে বিসিসির উপ-পরিচালক জাবেদ আলী সরকার জানান, ই-পেমেন্ট এবং ডিজিটাল স্বাক্ষর ব্যবস্থা শুরু করতে সরকার ইতোমধ্যেই একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। আগামী জুন থেকেই এ প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি চলছে। এটুআই প্রকল্পের পরামর্শক মুনীর হাসান জানান, আগামী জুন থেকে পাঁচটি প্রতিষ্ঠানে ই-প্রকিউরমেন্ট শুরু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং সনদ প্রদানকারী কর্তৃপক্ষ নিয়োগের দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এপ্রিলের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৫০ঘ.