২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী ও গাজীপুরে তিন খুন

নোয়াখালী ও গাজীপুরে একাধিক ঘটনায় তিনজন খুন হয়েছেন। সোমবার দুপুরে চোর সন্দেহে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী ও গাজীপুরে একাধিক ঘটনায় তিনজন খুন হয়েছেন। সোমবার দুপুরে চোর সন্দেহে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে গাজীপুর পৌরসভার লক্ষ্মীপুরা এলাকায এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। এছাড়া জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রোববার রাতে আরেক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে মেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে নিহত যুবকের নাম মো. মামুন (১৮)। সে রেলস্টেশনের পাশের হাজীপুর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে। এলাকার একটি গরুর খামারে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে খামারের মালিক রুনু মিয়ার ছেলে মো. ইউছুফকে (২০)। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ দাস সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাতে গরুর খামারে চুরির অভিযোগে মামুনকে আটক করা হয়। পরে ইউছুফ ও তার সহযোগীরা মামুনকে কয়েক দফা পেটায়। এতে সোমবার দুপুরে মারা যায় সে। এসআই জানান, পুলিশ মামুনের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গাজীপুর: পৌরসভার লক্ষ্মীপুরা এলাকায় নিহতের নাম নার্গিস আক্তার (২৪)। পুলিশ তার স্বামী আব্দুস সালামকে (৩৫) গ্রেপ্তার করেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বণেন, সকাল ৯টার দিকে সালাম একশ' টাকা চান নার্গিসের কাছে। মাদকাসক্ত স্বামীকে টাকা দিতে অস্বীকার করেন নার্গিস। এতে ক্ষিপ্ত হয়ে সালাম জবাই করে নার্গিসকে হত্যা করেন। সালাম ও নার্গিস দম্পতির ৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। জয়েদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান উল্যাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, চন্দ্রা এলাকার খানু মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক (৩৮) তার স্ত্রী সাহারা খাতুনকে (৩৫) হত্যার পর পলাতক রয়েছেন। তিনি আরো জানান, পুলিশ সোমবার সকালে সাহারার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩১ ঘ.