২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে জোরদার নিরাপত্তা

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন সামনে রেখে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 06:08 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের দিন সামনে রেখে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত রায়ের দিন নির্ধারিত রয়েছে। রোববার কার্যদিবসের প্রথম দিনই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু মামলার রায় ঘিরেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের দুটি প্রবেশ পথের একটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। দক্ষিণ গেট দিয়ে কোনো রিকশাও ঢুকতে দেওয়া হচ্ছে না। পায়ে হেঁটে ঢোকা গেলেও তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব পাশের গেট দিয়ে গাড়ি ঢুকলেও তল্লাশি চলছে সেখানেও। ৫ অক্টোবর শুরু হয়ে গত বৃহস্পতিবার আপিল বিভাগে বঙ্গবন্ধু মামলার শুনানি শেষ হয়। বঙ্গবন্ধু মামলার রায়ের আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে বলে সরকারের বিভিন্ন মন্ত্রী আশঙ্কা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দলীয় নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও। ঢাকার মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক শনিবার জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থাপনায় কড়া নজরদারি বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১২০০ ঘ.