ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে প্রথমবারের মতো সরাসরি কৃষকদের কাছ থেকে চাল ও ধান কিনতে যাচ্ছে সরকার।
কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হচ্ছে জানিয়ে বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "ভবিষ্যতে সব ধরনের খাদ্য সংগ্রহের ক্ষেত্রেই সরকার এ নিয়ম অনুসরণ করবে।"
এর আগে সরকার মিল মালিকদের কাছ থেকে ধান ও চাল কিনতো। এ মধ্যস্থতাকারীর কারণে কৃষক তার উৎপাদিত মূল্য পেতো না।
এ দিন খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় একই সঙ্গে এবার কেজিপ্রতি ধানের মূল্য ১৪ টাকা ও চালের মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়।
সভায় এবার উৎপাদিত আমন থেকে তিন লাখ টন চাল অথবা দুই লাখ টন চাল ও দেড় লাখ টন ধান সংগ্রহেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৭ ডিসেম্বর থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
প্রতি বছরই সরকার আমন মৌসুমে তিন লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে জানিয়ে রাজ্জাক বলেন, "কিন্ত তা অর্জন করা সম্ভব হয় না। অর্জিত হয় দেড় লাখ টনের মতো। কারণ, এ মৌসুমে কৃষকরা সাধারণত ধান বা চাল সেভাবে বিক্রি করে না।
এবার প্রতি কেজি ধান উৎপাদনে কৃষকের ১৩ টাকা ব্যয় হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমন উৎপাদনে কৃষকদের তেমন ব্যয় হয় না। কারণ, এতে সেচ ও সারের তেমন প্রয়োজন হয় না। এরপরও সরকার এবার সারের দাম আগেই কমিয়ে দিয়েছে। যদিও সারের দাম কমানোর আগেই অনেক কৃষক সার কিনে ফেলেছিল। তাই কৃষকদের পুষিয়ে দিতেই সরকার নতুন মূল্য নির্ধারণ করেছে।
খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, খাদ্য সচিব মোখলেছুর রহমান, কৃষি সচিব সিকিউকে মোস্তাক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এসএইচ/২১৩৫ ঘ.
bdnews24