২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়েছে ৭ কোটি টাকার কাগজ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুনে প্রায় ৭ কোটি টাকার কাগজ পুড়েছে বলে তদন্ত কমিটি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুনে প্রায় ৭ কোটি টাকার কাগজ পুড়েছে বলে তদন্ত কমিটি জানিয়েছে। তদন্ত প্রতিবদনে ঘটনাটি নাশকতা বলা হলেও এর জন্য জড়িত কাউকে চি‎ি‎‎হ্নত করা হয়নি। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এনসিটিবির তেজগাঁওয়ের প্রধান গুদামে গত মাসে আগুন লাগে। ওই আগুনকে নাশকতা বলে শুরু থেকেই শিক্ষামন্ত্রী বলে আসছিলেন। অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক যথাসময়ে দেওয়া ব্যাহত করতেই আগুন লাগানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। "এরপরও সরকার নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষার্থীদের কাছে বই তুলে দিতে কাজ চালিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের বই দেওয়া সম্ভবপর হবে", বলেন শিক্ষামন্ত্রী। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, "এতে বই ও কাগজের ক্ষতি হয়েছে প্রায় সাত কোটি টাকার। এর বাইরে গুদামসহ এনসিটিবি'র কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হচ্ছে।" গুদামটি ব্যবহারযোগ্য রয়েছে কিনা, তা জানাতে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে বলে নাহিদ জানান। শিক্ষকদের আলাদা বেতন কাঠামো শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, সরকার শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। "তবে এটি এখনই ঘোষণা করা সম্ভবপর হবে না। বর্তমান পে-কমিশনই এজন্য কাজ করবে। তাদের প্রস্তাব পাওয়া গেলে পরবর্তীতে এ বিষয়ে পৃথক ঘোষণা দেওয়া হবে", বলেন তিনি। বুধবারই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করে সরকার। নাহিদ জানান, শিক্ষকদের আলাদা বেতন কাঠামো বর্তমান সরকারের মেয়াদেই ঘোষণা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৪৫ ঘ.