ঢাকা, নভেম্বও ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থানার সামনে রাখা জব্দ করা একটি বাসে মঙ্গলবার সকালে রহস্যজনকভাবে আগুন লেগে যায়।
এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দমকল বাহিনী সূত্র জানিয়েছে।
দমকল বাহিনীর কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে রাজা সিটি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৩২৩৫) আগুন লাগে। আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কারো ছুঁড়ে ফেলা জলন্ত সিগারেট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
দুর্ঘটনার একটি মামলার আলামত হিসাবে বাসটি মোহাম্মদপুর থানা পুলিশ প্রায় দেড় বছর আগে জব্দ করে থানার সামনেই রাখে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুইয়া মাহবুব হাসানজানান, বাসটি ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়। ঋণের অর্থ পরিশোধ নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিকের কোনো সমস্যার জের ধরে পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৭৫২ ঘ.
bdnews24