ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্ম-সচিব নেছার উদ্দিন ভূঁইয়া। তিনি সাবেক প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার নেছার উদ্দিন ভূঁইয়াকে ওই পদে নিয়োগের ঘোষণা দেয়।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদারকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।
এছাড়াও সোমবার যুগ্ম এবং উপ-সচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার পদে রদবদল করা হয়।
এর মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক হিসেবে কর্মরত উপ-সচিব মোহাম্মদ ইলিয়াসকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব নজরুল ইসলামকে নেপ-এর মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
অন্য ওএসডি যুগ্ম-সচিব পথিক পবন বৈদ্যকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
উপ-সচিবদের মধ্যে মাকসুদুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে ও ওএসডি কাজী একেএম মহিউল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগে এবং ওএসডি মাহবুবুল ইসলাম ও রেজাউল হায়দারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ওএসডি উপ-সচিব শেখ ফজলুল আমিন, একেএম খায়রুল আলম ও আলফাজ হোসাইনকে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১৪ঘ.
bdnews24