ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর কমলাপুরে সোমবার অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার সময় ধরা পড়েছে পুলিশের সাবেক এক কনস্টেবল।
শাহীন মিয়া নামে এই সাবেক পুলিশ সদস্যকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
সবুজবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাকরি হারানোর পর ছিনতাই ও প্রতারণার মতো অপরাধে জড়িয়ে পড়েন শাহীন মিয়া। সর্বশেষ পুলিশ সদরদপ্তরে তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইসলামপুরের কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমানকে কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) থেকে কম দামে কাপড় দেওয়ার আশ্বাস দেন শাহিন। ওই ব্যবসায়ীকে এদিন টাকা নিয়ে কমলাপুর আসতে বলেন তিনি। বিকেল চারটার দিকে হাবিবুর ১২ লাখ টাকা নিয়ে কমলাপুর আইসিডি'র সামনে যান। সেখানে একটি মাইক্রোবাসে থাকা শাহিনসহ ৪/৫ জন হাবিবুরকে তাদের সঙ্গে মাইক্রোবাসে উঠতে বলেন। হাবিবুর উঠতে রাজী না হলে অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শাহিন ও তার সহযোগীরা। তখন ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাহিনকে পাকড়াও করে। অন্যরা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার খন্দকার মুহিদ উদ্দীন বলেন, "ছিনতাইকারী হিসেবে শাহীনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হচ্ছে।"
শাহিন বরগুনা সদর থানার চরকগাছিয়া গ্রামের জালাল শিকদারের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১০৮ ঘ.
bdnews24