ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সুযোগ শেষ হচ্ছে রোববার । এ জন্য শনিবার ছুটির দিনেও কর অফিসগুলোতে কাজ চলেছে পুরো দমে। ছিল করদাতাদের উপচেপড়া ভিড়।
রোববার রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হবে।
এবার করদাতার সংখ্যা গতবারের চেয়ে অনেক বেশি হবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থার চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববারও সারা দেশে প্রচুর সংখ্যক করদাতা রিটার্ন জমা দেবে বলে আশা করছি। সব মিলিয়ে এ সংখ্যা গত বছরকে ছাড়িয়ে যাবে।"
এছাড়া কোনো ভাবেই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হবে না বলে জানান তিনি।
গত বছর মোট সাত লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল।
করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে গত ২৯ সেপ্টেম্বর এনবিআর রিটার্ন জমার সময় একমাস বাড়ায়। তবে ৩১ অক্টোবর শনিবার ছুটির দিন বলে ১ নভেম্বরও রিটার্ন জমা নেওয়া হবে বলে জানানো হয়।
তবে ২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, ১ নভেম্বরের পাশাপাশি ৩১ অক্টোবরও (শনিবার) রিটার্ন জমা নেওয়া হবে।
আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। তবে প্রতি বছরই তা বাড়ানো হয়ে থাকে। গত বছর দুই দফায় সময় বাড়ানো হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি।
গত অর্থবছরে আয়কর খাতে ১৩ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা আদায় হয়।
চলতি অর্থবছরে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১৬ হাজার কোটি টাকার মতো।
বর্তমান সরকার তার মেয়াদে এ অঙ্ক ২০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়। সে লক্ষ্যেই সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করছে বলে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, শনিবার আমি ঢাকার বিভিন্ন কর অঞ্চল ঘুরে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করেছি। আশা করছি, এবার রিটার্ন জমা দেওয়া করদাতার সংখ্যা অনেক বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসএইচ/০১১০ ঘ.
bdnews24