২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতিতে ইসলাম পরিপন্থি কিছুই থাকবে না: নাহিদ

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রস্তাবিত শিক্ষানীতিতে ইসলাম ও মাদ্রাসা শিক্ষা পরিপন্থি কিছুই থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 03:01 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদের মুখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রস্তাবিত শিক্ষানীতিতে ইসলাম ও মাদ্রাসা শিক্ষা পরিপন্থি কিছুই থাকবে না। শনিবার রাজধানীর একটি মসজিদে মাদ্রসা শিক্ষক কর্মচারিদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই আশ্বাস দিয়ে বলেন, "শিক্ষানীতিতে মাদ্রাসা শিক্ষার ক্ষতি হয় এমন কিছুই তো থাকবে না, বরং উন্নত শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। "শিক্ষানীতিতে ধর্ম থেকে নৈতিক শিক্ষা নেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য বজায় রেখে আধুনিক ও বিজ্ঞানসম্মত বিষয় সংযোজন করা হয়েছে।" খসড়া শিক্ষানীতির ওপর সবার মতামত গ্রহণ শেষে খুব শিগগির এটি চূড়ান্ত করে বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর গত ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০০৯ ঘোষণা করা হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী, কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে কমিটির সদস্যরা ২ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেন। সব স্তরের মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। প্রতিবেদনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, কারিগরী ও মাদ্রাসাসহ দেশের প্রচলিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থার ওপর আলাদা আলাদা অধ্যায় রয়েছে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পরও কোনও ধরনের ভুল থাকলে তা সংশোধন করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষানীতি থাকবে পরিবর্তনশীল। কোনও ভুল ধরে সব উদ্যোগ ভণ্ডুল করা ঠিক হবে না।" ড. কাজী খলীকুজ্জমান বলেন, "শিক্ষানীতি প্রণয়নে সময় নেয়ার অবকাশ নেই। খুব শিগগির তা প্রণয়ন করে আগামী চার বছরে বাস্তবায়ন করতে না পারলে এ উদ্যোগ বাস্তবায়নের অবকাশ কমে যাবে।" জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ডানপন্থি দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেন, "শিক্ষানীতিতে ইসলাম ও মাদ্রাসা শিক্ষা পরিপন্থী কোনও কিছু অন্তর্ভূক্ত হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।" বর্তমান মহাজোট সরকার সব সময় 'দ্বীনের' সঙ্গে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মতবিনিময় সভায় শর্ষিনার পীর ছাহেব মাওলানা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ, জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাধীনতার পর নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রণীত হলেও এখন পর্যন্ত কোনও কমিশনের সুপারিশ বা কোনও নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/২০৫৮ ঘ.