২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলা : সাবেক ডিআইজি শামসুলকে জিজ্ঞাসাবাদ

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার সাবেক ডিআইজি শামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার সাবেক ডিআইজি শামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সকাল ১১ টা থেকে বিকাল চারটা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। ২০০৪ সালের ১ এপ্রিল ওই অস্ত্র আটকের সময় শামসুল ইসলাম পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার প্রধান ছিলেন। এছাড়া সেসময় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। মামলার আইও মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর দামপাড়ায় সিআইডি কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শামসুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলাটির তদন্ত সেসময় ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারের কোন বিশেষ মহলের প্রভাব ছিল কি না- তা খতিয়ে দেখার অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান তিনি। তবে জিজ্ঞাসাবাদে তিনি কি তথ্য দিয়েছেন এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন আইও। অস্ত্র আটকের ঘটনা তদন্তে সেসময় গঠিত ৫ সদস্যের সরকারি কমিটির প্রধান সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহমেদকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কমিটির সদস্য সাবেক এনএসআই'র মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আটক আছেন। কমিটির আরেক সদস্য সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল এনামুর রহমান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। বর্তমান আইও মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এদের মধ্যে এনএসআই'র সাবেক দুই প্রধানসহ পাঁচ সাবেক কর্মকর্তা, সিইউএফএল এর সাবেক এমডি ও জিএমসহ সাতজনকে নতুন করে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী নদী তীরবর্তী সিউএফএল ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়। অস্ত্র উদ্ধারের পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান মামলায় পৃথক দুটি মামলা করেন। পরবর্তী সময়ে সিআইডি তদন্ত শেষে অস্ত্র মামলায় ৪৩ জন এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২২০৯ঘ.