২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপেল মাহমুদের মামলায় এইচএসবিসির ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারে পরোয়ানা

সঙ্গীতশিল্পী আপেল মাহমুদের মেধাস্বত্ব (কপিরাইট) আইনে করা মামলায় হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি) বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্গীতশিল্পী আপেল মাহমুদের মেধাস্বত্ব (কপিরাইট) আইনে করা মামলায় হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি) বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ বুধবার পরোয়ানা জারির এ আদেশ দেন। অভিযুক্ত অন্য দুজন হলেন- এইচএসবিসি ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুবুর রহমান ও এবং অর্থ বিভাগের (ফাইন্যান্স) প্রধান মোস্তফা আলিম আওলাদ। আপেল মাহমুদের আইনজীবী আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন আগামী ২২ নভেম্বর দাখিল করার জন্য বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন। অনুমতি ছাড়া আপেল মাহমুদের গান রেকর্ড করে তা বাজারে ছাড়ায় তিনি গত ৫ অক্টোবর আদালতে মামলা করেন। আপেল মাহমুদের অভিযোগ, তার গাওয়া ও সুর করা 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি', 'তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে ', 'এক সাগরের রক্তের বিনিময়ে'সহ বিভিন্ন গান এইচএসবিসি তাদের অর্থায়নে বিনা অনুমতিতে রেকর্ড করে সিডি আকারে বাজারে ছেড়েছে। মামলায় আরও অভিযোগ করা হয়, বাদির অনুমতি ছাড়া 'শতবর্ষের বাংলা গান' শিরোনামের ওই সিডি শুধু বাজারজাতই করা হয়নি, নতুন অপরিচিত শিল্পীদের মাধ্যমে ওই গানগুলো গেয়ে বাজারে ছাড়া হয়। যা কপিরাইট আইন অনুযায়ী একটি অপরাধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৮৩০ ঘ.