২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাতীয় বিতর্ক উৎসব ২০০৯' এর সমাপনী দিনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী 'বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাতীয় বিতর্ক উৎসব ২০০৯' এর সমাপনী দিনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে। এ পর্বে সরকার ও রাজনীতি বিভাগ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এ বিতর্ক উৎসবের আয়োজন করেছে। বুধবার সংগঠনের মডারেটর অধ্যাপক এ টি এম আতিকুর রহমান ক্যাম্পাসের অমর একুশের পাদদেশ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। উৎসবের উদ্বোধনী দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। তৃতীয়দিন শুক্রবার প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় এবং সরকার ও রাজনীতি বিভাগ ও ইংরেজি বিভাগ চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ও ইংরেজি দুই ক্যাটাগরিতে বারোয়ারি বির্তক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২০টি স্কুল, ১৮টি কলেজ ও ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেন। স্কুল (বাংলা) ক্যাটাগরিতে মতিঝিল আইডিয়াল স্কুলের তৌহিদুর রহমান তুরাগ প্রথম, একই স্কুলের আহমেদ মোহাইমেন চেীধুরী দ্বিতীয় এবং হলিক্রস স্কুলের নাজনীন আক্তার তৃতীয় স্থান অধিকার করে। স্কুল (ইংরেজি) ক্যাটাগরিতে মতিঝিল আইডিয়াল স্কুলের তৌহিদুর রহমান তুরাগ প্রথম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের তানজিবা তাহসিন দ্বিতীয় হয়। কলেজ (বাংলা) ক্যাটাগরিতে সাভার ক্যান্টমেন্ট স্কুল ও কলেজের ফারহা জেরিন খান প্রথম, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের সাদিয়া সাঈদ তামান্না দ্বিতীয় এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রওনক মেহেদী তৃতীয় হন। কলেজ (ইংরেজি) ক্যাটাগরিতে সাভার ক্যান্টমেন্ট স্কুল ও কলেজের ফাহিম দাদ খান প্রথম, ঢাকা কমার্স কলেজের শাহনেওয়াজ কবীর অনিক দ্বিতীয় এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তাহসিফ রহমান তৃতীয় হন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে (বাংলা) ক্যাটাগরিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তন্ময় চেীধুরি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাজী তিউনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল জোনায়েদ তৃতীয় হন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে (ইংরেজি) ক্যাটাগরিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাজী তিউনি প্রথম, গণবিশ্ববিদ্যালয়ের সুন্দরভা গিরি দ্বিতীয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সালাউদ্দিন তৃতীয় হন। প্রাণবন্ত আয়োজনে সমাপনী দিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহ নিয়ে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছে। এ পর্বে সরকার ও রাজনীতি বিভাগ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বির্তকের বিষয় 'পুঁজির অভাবই উন্নয়নশীল বিশ্বের অনুন্নয়নের মূল কারণ'। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেরা বিতার্কিকদের নিয়ে একটি প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কের বিষয় 'ভালবাসা মানে মিছে আশা'। প্রদর্শনী বিতর্ক শেষে বিজয়ীদেও হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. ফরহাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সোশ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক বেবী মওদুদ এবং সাংবাদিক-লেখক আনিসুল হক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের মডারেটর অধ্যাপক এ টি এম আতিকুর রহমান । উৎসবের পৃষ্ঠপোষক দেশের প্রথম অনলাইন সংবাদপত্র ও সংবাদসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং মিডিয়া পার্টনার আরটিভি ও এবিসি রেডিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২০ ঘ.