২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু

পাবনা টাউন হল ময়দানে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। উৎসব উপলক্ষে বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে শোভযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

পাবনা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা টাউন হল ময়দানে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। উৎসব উপলক্ষে বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরে শোভযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাসহ সর্বস্তরের মানুষ। সন্ধ্যায় পাবনা টাউন হল ময়দানে উৎসব উদ্বোধন করেন সাংসদ সারা বেগম কবরী। বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেন ওরফে রমা'র জন্ম ১৯৩১ সালের ৫ এপ্রিল এখনকার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সেনভাঙার জমিদার বাড়িতে। তার বাবার নাম করুণা গোস্বামী, মায়ের নাম ইন্দিরা গোস্বামী। পরে পাবনা শহরের দিলালপুরের বাড়িতে কেটেছে তার শৈশব ও কৈশোর। সুচিত্রা সেন পাবনা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ১৯৬০ এর দশকে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় পশ্চিমবঙ্গে চলে যান তারা। সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র নিয়ে আয়োজিত উৎসব কমিটির সভাপতি পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্র পরিচালক সুভাষ দত্ত। বিশেষ অতিথি ছিলেন জহির রায়হান চলচ্চিত্র সংসদ নেতা অধ্যাপক সাব্বির চৌধুরী ও পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উৎসব কমিটির সদস্য সচিব এম সাইদুল হক চুন্নু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম শিবলী, জাকির হোসেন, গোপাল স্যানাল, স্বাধীন মজুমদার প্রমুখ। চলচ্চিত্র অভিনেত্রী কবরী বলেন, "সুচিত্রা বাংলার গৌরব। আমাদের অভিনয়ের প্রেরণা। তাকে নিয়ে আয়োজিত এই উৎসবে এসে নিজেকে ধন্য মনে করছি।" সুভাষ দত্ত বলেন, "এত সুন্দর ও এত সুশীল অভিনয় শিল্পী এখনও সৃষ্টি হয়নি।" উদ্বোধনের পর প্রদর্শন করা হয়, উত্তম-সুচিত্রা অভিনীত 'হারানো সুর'। উৎসব কমিটির সভাপতি ও পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাবনায় সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।" তিনি বলেন, প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি ছবি প্রদর্শন করা হবে। এর মধ্যে শনিবার অগ্নি পরীক্ষা, রোববার দ্বীপ জ্বেলে যাই, সোমবার শিল্পী, মঙ্গলবার শাপমোচন, বুধবার সপ্তপদী, বৃহস্পতিবার পথে হলো দেরি এবং শুক্রবার সাগরিকা চলচ্চিত্রটি দেখানো হবে। দেশ ত্যাগের সময় পাবনা শহরের দিলালপুরে প্রায় দুই বিঘা জমির উপর একতলা ভবন, পাশের প্রায় তিন বিঘা জমি, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেনভাঙায় জমিদার বাড়িসহ প্রায় দুশ' বিঘা জমি রেখে যায় সুচিত্রা সেনের পরিবার। এসব সম্পত্তির বেশির ভাগ বেহাত হয়ে গেছে। বাকি যা আছে তাও বেদখল হয়ে যেতে বসেছে। উৎসব কমিটির সদস্য সচিব এম সাইদুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুচিত্রা সেনদের দিলালপুরের বাড়িটি জামায়াতের দখলে রয়েছে। সেটি উদ্ধার করা এখন বড় কাজ।" সুচিত্রা সেনের প্রতিবেশি দিলালপুরের মিলন দত্ত (৭০) বলেন, "রমা দিদি (সুচিত্রা সেন) পাবনাকে খুব ভালবাসতেন। রমাদি ছিলেন আমার বড় বোনের ঘনিষ্ঠ বান্ধবী। কিছুদিন আগেও রমাদি কোলকাতায় নার্সিং হোমে ভর্তি অবস্থায় পাবনার কথা স্মরণ করেছেন বলে শুনেছি।" "তার স্মৃতি বিজড়িত বাড়িতে সংগ্রহশালা বা আর্কাইভ হয়েছে এটা জানতে পারলে দিদি খুব খুশি হবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.