শরীয়তপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রশিক্ষণকালে শরীয়তপুরে গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে সদর (পালং) থানায় একটি মামলা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে এসে শরীয়তপুরের স্থানীয় বাসিন্দা হিসেবে নাগরিক সনদ ব্যবহার করে আনসার ও ভিডিপিতে ভর্তি হওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা হওয়ার পর তাদের শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানায়।
আদালত রোববার শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গ্রেপ্তার করা ১২ জনের মধ্যে এর মধ্যে ছয়জন গাইবান্ধার, একজন বগুড়ার, একজন ঠাকুরগাঁও'র এক জন মেহেরপুরের, দুজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার।
তারা শরীয়তপুর এসে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নাগরিকত্ব সনদ ব্যবহার করে আনসারে ভর্তি হয়েছিলেন। তারা ২১ দিনের মৌলিক প্রশিক্ষণে থাকা অবস্থায় গ্রেপ্তার হন।
মামলার তদন্ত কর্মকর্তা পালং থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল কুমার কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীয়তপুর আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুডেন্ট্যান্ট মো. ইউনুস আলী খান বাদী হয়ে এই ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন জেলা থেকে এসে শরীয়তপুরের নাগরিক পরিচয়ে এই ১২ জন জেলা আনসার ও ভিডিপিতে ভর্তি হন। কিন্তু তাদের কথাবার্তা শরীয়তপুরের না হওয়ায় সন্দেহ হয়।
শুক্রবার আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের কমান্ডার মো. ফিরোজ খান ও রাজবাড়ীর সহকারী অ্যাডজুডেন্ট্যান্ট কাজী দেলোয়ার শরীয়তপুর জেলা আনসার কার্যালয় পরিদর্শন করেন।
মামলার বাদী শরীয়তপুর আনসার অ্যাডজুডেন্ট্যান্ট মো. ইউনুস আলী খান সাংবাদিকদের বলেন, "গ্রেপ্তারকতৃদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সম্পর্ক আছে বলে পত্রিকায় যেভাবে লেখা হচ্ছে তা ঠিক নয়।"
তিনি জানান, তদন্ত করার পর এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট এ কে এম শহীদুর রহমান বলেন, "প্রাথমিক পর্যায়ে ভূয়া পরিচয় দেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।"
জেএমবি'র সঙ্গে এদের সম্পৃক্ততা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "তাদের নিজ নিজ এলাকায় অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।"
মামলার কর্মকর্তা এসআই সুনীল কুমার কর্মকার বলেন, নিজ জেলা রেখে শরীয়তপুরের ঠিকানা ব্যবহার করে তারা কেন আনসার ও ভিডিপিতে ভর্তি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24