চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তের নাম আনোয়ার হোসেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার সাপমারা এলাকায়।
আদালত একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছে।
জেলা পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলার এজাহারে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ১৬ আগস্ট আনোয়ার হোসেন তার স্ত্রী জেসমিন আকতারকে বাড়িতে বেদম মারধর করেন। পরে জেসমিন মারা যান। এ ঘটনায় জেসমিনের বাবা আবদুল হামিদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
আইনজীবী হাশেম জানান, ২০০৭ সালের ১২ জুলাই এ মামলার অভিযোগপত্র এবং একই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২২১৩ ঘ.
bdnews24