বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা 'নর্থ বেঙ্গল আইটি ফেয়ার' রোববার শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।
কম্পিউটার সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'এইচপি' ও 'ইনটেল'-এর পৃষ্ঠপোষকতায় এই মেলা আয়োজন করেছে বগুড়ার প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন।
সকালে শহরের স্টেশন ক্লাব সংলগ্ন কাভার্ড গ্রাউণ্ডে তিন দিনের এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান।
উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক দেশের উন্নয়নের লক্ষ্যে তথ্য প্রযুক্তির মেলা পর্যায়ক্রমে দেশের সব জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সা. সম্পাদক মো. শহিদুল ইসলাম, ইনপেইস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম, হোটেল রেড চিলির পরিচালক নজরুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা থেকে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, প্রথম দিন দুপুরের পর থেকে মেলায় ভিড় বাড়তে থাকে। কম্পিউটারের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
মেলার প্রবেশ মূল্য ১০ টাকা। তবে আয়োজক কর্তৃপক্ষ স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রবেশাধিকার উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে।
সন্ধ্যার পর থেকে সব শ্রেণী-পেশার মানুষ মেলায় আসতে শুরু করেন।
বিভিন্ন ব্র্যাণ্ডের ল্যাপটপ ও এলসিডি মনিটরের দিকে ক্রেতাদের নজর বেশি।
বিশ্বখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচপি এবং ইনটেল ছাড়াও দেশের চার শীর্ষস্থনীয় প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড, কমভ্যালি লিমিটেড, হাসি ও গ্লোবাল ব্র্যাণ্ড প্রাইভেট লিমিটেড'র প্যাভিলিয়ন রয়েছে মেলায়।
এ ছাড়া অংশগ্রহণকারী ১১টি স্টলের মধ্যে ৬টিই হচ্ছে বগুড়ার স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠান।
এগুলো হলো- টোকেন রিং, কোবাইট কম্পিউটার, পেন্টাকম, ওয়েবনেট, মাহিম কম্পিউটার ও জ্যাজ টেক কম্পিউটার।
এছাড়া ফ্লোরা লিমিটেড, পাথ ফাইন্ডার, এইচ এল ইলেক্ট্রনিক্স, ওরিয়েন্ট কম্পিউটার এবং বিডিজবস্ ডটকম'র স্টলও রয়েছে।
মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারওয়ার খান সাংবাদিকদের জানান, বগুড়ায় তথ্য প্রযুক্তি মেলার ব্যাপারে তারা খুবই আশাবাদী।
মেলায় দেশি-বিদেশি কোম্পানিগুলো তাদের প্রতিটি পণ্যের মূল্যের ওপর বিশেষ ছাড় দিচ্ছেন। পাশাপাশি বিক্রিত টিকিটের ওপর র্যাফেল ড্র'র আয়োজন রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.
bdnews24