২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে মৃত্যুর প্রধান ২৫টি কারণের ১২টি হচ্ছে অসংক্রামক রোগে'

দেশে মৃত্যুর প্রধান ২৫টি কারণের মধ্যে ১২টি-ই হয় দীর্ঘ মেয়াদি অসংক্রামক রোগে। এরমধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার জাতীয় রোগে বেশি মৃত্যু ঘটে। শুধু ডায়াবেটিসের কারণেই ছয় ভাগ মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মৃত্যুর প্রধান ২৫টি কারণের মধ্যে ১২টি-ই হয় দীর্ঘ মেয়াদি অসংক্রামক রোগে। এরমধ্যে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার জাতীয় রোগে বেশি মৃত্যু ঘটে। শুধু ডায়াবেটিসের কারণেই ছয় ভাগ মৃত্যু হয়। রোববার ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বরকত- ই- খুদা। তিনি বলেন, "সাধারণভাবে উন্নত দেশগুলোতে এ জাতীয় রোগের প্রকোপ বেশি ঘটে বলে ধারণা করা হলেও উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে এ রোগ বেশি হয়। এ ধরনের দেশে গত ১০ বছরে এ হার ১৭ ভাগ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বেসরকারি সংস্থা এমিনেন্স 'নন কমিউনিকেবল ডিজিজেস: ফ্যাক্টস অ্যান্ড ওয়ে টু মুভ ফরওয়াড' শিরোনামের এ আলোচনা সভার আয়োজন করে। এমিনেন্স এর উপদেষ্টা ড. এ এম জাকির হোসেনের সভাপতিত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। সভায় জানানো হয়, সারা বিশ্বে ২০০৫ সালে মোট মৃত্যুর ৬০ ভাগ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের কারণে ঘটেছে। ড. খুদা সতর্ক করে দিয়ে বলেন, "এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না গেলে ২০১৫ সাল নাগাদ এসব রোগে আক্রান্ত হয়ে সারা বিশ্বে চার কোটি ১০ লাখ মানুষ মারা যেতে পারে।" তিনি বলেন, "মানুষ কম্পিউটার, টিভি ও শারিরীক পরিশ্রমহীন কাজে বেশি অভ্যস্ত হয়ে যাওয়ায় এ ধরনের রোগের সম্ভাবনা বাড়ছে। এসব রোগ নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। সঠিক প্রচার ও যথাসময়ে চিকিৎসা এসব রোগ থেকে মুক্তি দিতে পারে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসএইচ/২২৩০ ঘ.