চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে গমবাহী দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি জাহাজে পানি ঢুকে যায়।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন রোববার জানান, শনিবার রাত বারোটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ওয়েস্টার্ন সান্টিয়াগো এবং এমভি জিউ চেং হাইয়ের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং বন্দরে জাহাজ চলাচলের ক্ষেত্রেও কোন সমস্যা হচ্ছে না।
বন্দর সচিব জানান, জিউ চেং হাই এর ধাক্কায় ওয়েস্টার্ন সান্টিয়াগোর সামনের হ্যাচ ক্ষতিগ্রস্ত হয়।
এমভি ওয়েস্টার্ন সান্টিয়াগো ৪৪ হাজার মেট্রিক টন এবং এমভি জিউ চেং হাই ২৫ হাজার মেট্রিক টন গম নিয়ে এসেছে। বহির্নোঙ্গরে জাহাজ দুটি থেকে লাইটার জাহাজে গম খালাস করা হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমসি/এফআই/এএল/এসকে/২০২৬ঘ.
bdnews24