২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসবাহ কামালকে হত্যার হুমকি, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আদিবাসী অধিকার আন্দোলন কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামালকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী অধিকার আন্দোলন কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামালকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। রোববার সকাল ১১ টায় অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। 'ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ' এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এইচ কে এস আরেফীন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সোহেল হাজংসহ বিভাগের ছাত্রছাত্রীরা। ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহ মোহাম্মদ মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে একটি এসএমএসের (মোবাইল ফোন নম্বর ০১৬৭৫১৪৭৭৪৬) মাধ্যমে অধ্যাপক মেসবাহ কামালকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই এসএমএসে বলা হয়, কাফনের কাপড় রেডি করেন, কেউ বাঁচাতে পারবে না। আদিবাসী নিয়ে ব্যবসা করার এই ফল- জাহান্নামে চলে যান। বোমায় উড়িয়ে দেওয়া হবে, পরিবার নিয়ে রেডি থাকেন।" তিনি বলেন, "স্যার এ হুমকির কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তার ছাত্র হিসাবে আমরাও ক্ষতিগ্রস্থ হচ্ছি।" এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পরপরই আমরা পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথা বলেছি। তারা হুমকিদানকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০১৪ ঘ.