২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটিবি গুদামে আগুন জ্বলছে

তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন ১০ ঘণ্টা পরও জ্বলছে। তবে তা নিয়ন্ত্রণে জানিয়ে রোববার বিকালে দমকল বাহিনী বলেছে, রাতের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আশ্বস্ত করেছেন, এতে আগামী বছরের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ব্যাহত হবে না। জানাচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন ১০ ঘণ্টা পরও জ্বলছে। তবে তা নিয়ন্ত্রণে বলে রোববার বিকালে দমকল বাহিনী জানিয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আশ্বস্ত করেছেন, এতে আগামী বছরের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ব্যাহত হবে না। দমকল বাহিনী বলছে, ঘটনাস্থল থেকে বইয়ের স্তূপ সরানো না গেলে আগুন নেভানো কঠিন হয়ে পড়বে। সে জন্য আগুন পুরোপুরি নিভতে রোববার সারারাতও লেগে যেতে পারে। সন্ধ্যা ৬টার দিকে গুদামের পেছনের দেওয়াল ভেঙ্গে বইয়ের স্তূপ সরিয়ে ভেতরে পানি দেওয়ার কাজ করছিল দমকলকর্মীরা। দমকল বাহিনী জানিয়েছে, সকাল ৭টার দিকে তিনতলা গুদামের পেছনে একতলা অংশে আগুন লাগে। তবে স্থানীয়রা বলছেন, ভোররাতেই তারা ধোঁয়া উঠতে দেখেছেন। এটি বাংলাদেশের পাঠ্যপুস্তক ও বই ছাপানোর কাগজ রাখার প্রধান গুদাম। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে এনসিটিবির আরেকটি গুদাম রয়েছে। আগুন লাগার খবর পেয়ে শিক্ষামন্ত্রী ও দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে যান। দমকল বাহিনীর মহাপরিচালক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভেতরে বইয়ের যে বিশাল স্তূপ রয়েছে তা পুরোপুরি সরানো না গেলে আগুন নেভানো কঠিন হয়ে পড়বে। কিন্তু আগুন আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। ৬০ বাই ৭০ ফুটের কক্ষটির মধ্যেই আমরা আগুন সীমাবদ্ধ রেখেছি আর বাড়তে দিইনি।" গুদামের পাশের কক্ষে এবং অন্য তলায় যেন আগুন ছড়াতে না পারে সেজন্য জোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। এছাড়া পাশে একটি প্লাস্টিক কারখানা রয়েছে। সেদিকেও নজর রাখা হচ্ছে। আগুন কখন নিভতে পারে- জানতে চাওয়া হলে ব্রিগেডিয়ার নাঈম বলেন, "কাগজের আগুন ধুকে ধুকে জ্বলছে। তবে আশা করছি, আমরা রাতের মধ্যেই নেভাতে পারব।" আগুনের কারণ কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আগুনের কারণ এখনও জানা যায়নি।" তিনি বলেন, "ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে আমাদের আগুন নেভাতে সমস্যা হচ্ছে।" গুদামে যেভাবে বই রাখার কথা সেভাবে বই রাখা হয়নি দাবি করে এটাকেও আগুন নেভানোর ক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করেন তিনি। আগুনের খবর পেয়ে শিক্ষামন্ত্রী সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান। গুদামে প্রচুর বই ও কাগজ রয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এ মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এটা বোঝা যাচ্ছে, আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।" তিনি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে উঠে লোকজন ধোঁয়া দেখতে পায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "২০১০ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে আমাদের ১৯ কোটি বই ছাপাতে হবে। আগুনের কারণে আমাদের যথাসময়ে বই বিতরণে ব্যাঘাত ঘটবে না। আমরা সময় মতোই বই বিতরণ করবো। এটা আমাদের বড় চ্যালেঞ্জ।" স্পর্শকাতর ও সুরক্ষিত ওই ভবনে দমকল বাহিনীর ১৪টি ইউনিট, পুলিশ, র‌্যাবসহ তিনবাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এর আগে সকাল ১১টার দিকে মোহাম্মদ আলী নামে এক পিয়নকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে দমকল বাহিনী ও এনসিটিবির কর্মচারীরা গুদামের পেছনের দেয়াল ভেঙে বই বের করা শুরু করেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি খনকযন্ত্র (এক্সাভেটর) দিয়ে ভবনের পেছন দিকের দেওয়াল ভেঙ্গে কাগজের স্তূপ বের করে আনার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। দমকল বাহিনীর উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন মূলত ভবনের নিচতলায় পেছন দিকে। গুদামটি ছাদ পর্যন্ত কাগজে ঠাসা বলে পানি ছিটিয়ে খুব একটা ফল পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড ধোঁয়া আর প্রচণ্ড তাপের কারণে ভেতরে ঢোকা যাচ্ছে না। ভেতরে গ্রাউন্ড মনিটর নামে একটি স্বয়ংক্রিয় যন্ত্র বসানো হয়েছে যার মাধ্যমে মিনিটে ৫শ' লিটার পানি দেওয়া হচ্ছে।" এনসিটিবির গবেষণা কর্মকর্তা ও গুদাম তদারককারী কমিটির সদস্য গৌরাঙ্গ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে অংশে আগুন লেগেছে, সেখানে বইয়ের মলাট ছাপানোর জন্য প্রচুর কার্টিস পেপারসহ বই ছাপানোর প্রচুর কাগজ রয়েছে।" গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বই ও কাগজের মজুদ সম্পর্কে জানাতে পারেননি। দমকল কর্মকর্তারা জানান, আগুন নেভাতে যে পানি দেওয়া হচ্ছে, তাতেও বই ক্ষতিগ্রস্ত হবে। দমকল বাহিনী আরো জানিয়েছে, সকাল ৭টার দিকে তিনতলা গুদামের পেছনে একতলা অংশে আগুন লাগে। তবে স্থানীয়রা বলছেন, গভীর রাতেও তারা ধোঁয়া উঠতে দেখেছেন। পাশের সিনথিয়া রাবার ইন্ডাস্ট্রির কর্মচারী সেলিম জানান, রাত ১২টার দিকেই তারা এখানে ধোঁয়া উঠতে দেখেছিলেন। শনিবার রাতে গুদামে দায়িত্ব পালন করা এনসিটিবির নিজস্ব নিরাপত্তাকর্মী আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজরের আজানের পর বৈদ্যুতিক বাতিগুলো বন্ধ করার সময় তারা ধোঁয়া দেখতে পান। এরপর তারা পার্শ্ববর্তী কোয়ার্টার থেকে গুদাম ও এনসিটিবির কর্মকর্তাদের ডেকে তোলেন। দমকলকে খবর দেন ও মূল ফটক খুলে দেন। ওই ভবনের কাছেই দমকল বাহিনীর তেজগাঁও ইউনিটের কার্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/আরএ/এএল/এমআই/১৮১৫ ঘ.