২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আগুন

তেজগাঁও এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে আগুন লেগেছে। গুদামে প্রচুর বই ও কাগজ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন গোলাম মূর্তজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:44 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে আগুন লেগেছে। এতে আহত হয়েছেন এক কর্মচারী। গুদামে প্রচুর বই ও কাগজ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এনসিটিবির মাধ্যমে বই ছাপিয়ে প্রাথমিক স্তরে তা বিনামূল্যে বিতরণ করে সরকার। স্পর্শকাতর ও সুরক্ষিত ওই ভবনে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। দমকল বাহিনীর ১৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। দমকল বাহিনী বলছে, গুদামটি করার সময় ভবন নির্মাণ নীতিমালা মানা হয়নি। দমকল বাহিনী জানিয়েছে, সকাল ৭টার দিকে তিনতলা গুদামের নিচ তলায় আগুন লাগে। তবে স্থানীয়রা বলছেন, ভোর থেকেই তারা ধোঁয়া উঠতে দেখেছেন। ওই ভবনের কাছেই দমকল বাহিনীর তেজগাঁও ইউনিটের কার্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মূর্তজা দুপুর দেড়টার সময় ঘটনাস্থল থেকে জানান, দুপুর ১টা থেকে দমকল বাহিনী ও এনসিটিবির কর্মচারীরা গুদামের পেছনের দেয়াল ভেঙ্গে বই বের করা শুরু করেন। দমকল বাহিনীর উপপরিচালক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, "গুদামের ছাদ পর্যন্ত কাগজ ঠাসা থাকার কারণে আমরা ঠিকভাবে পানি ছিটাতে পারছি না। এ কারণে দেয়াল ভেঙ্গে কাগজগুলো বের করে নেওয়া হচ্ছে।" আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর ১৪টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি। এছাড়া সেনা ও নৌবাহিনীর দুটি দলও আগুন নেভানোর চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী ও দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে রয়েছেন। আবু নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ফলে আমাদের আগুন নেভাতে সমস্যা হচ্ছে।" গুদামে যেভাবে বই রাখার কথা সেভাবে বই রাখা হয়নি দাবি করে এটাকেও আগুন নেভানোর ক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করেন তিনি। আগুনের খবর পেয়ে শিক্ষামন্ত্রী নাহিদ গুদামে সকালেই ঘটনাস্থলে যান। গুদামে প্রচুর বই ও কাগজ রয়েছে জানিয়ে তিনি বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এ মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এটা বোঝা যাচ্ছে, আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।" সকাল ১১টার দিকে মোহাম্মদ আলী নামে এক পিয়নকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দমকল বাহিনীর উপপরিচালক ভরত চন্দ্র বিশ্বাস ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন মূলত ভবনের নিচতলায়। ভবনটি বইয়ে ঠাসা বলে পানি ছিটিয়ে খুব একটা ফল পাওয়া যাচ্ছে না। এখন স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে।" এনসিটিবির গবেষণা কর্মকর্তা ও গুদাম তদারককারী কমিটির সদস্য গৌরাঙ্গ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে অংশে আগুন লেগেছে, সেখানে বইয়ের মলাট ছাপানোর জন্য প্রচুর কার্টিস পেপার রয়েছে। এছাড়া ১৯ কোটি বই ছাপানোর কিছু কাগজও ওই অংশে রয়েছে। " দমকল কর্মকর্তারা জানান, আগুন নেভাতে যে পানি দেওয়া হচ্ছে, তাতেও বই ক্ষতিগ্রস্ত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/আরএ/এমআই/১৪০০ ঘ.