জামালপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্যপদ খারিজে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও সময় নিতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, "আইনি বিষয় আরও গভীরভাবে দেখার আছে।"
বিএনপি সাংসদ সাকা চৌধুরীর বিরুদ্ধে হলফনামায় 'অসত্য' তথ্য দেওয়ার অভিযোগ এনেছে ইসি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেওয়া অগ্রগতি কতদূর- জানতে চাওয়া হলে সিইসি শুক্রবার জামালপুরে সাংবাদিকদের ওই কথা বলেন।
শামসুল হুদা জামালপুর জেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন করেন। এর আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাকা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে সিইসি আরও বলেন, নিশ্চিত ফল পাওয়ার আভাস না পেলে কমিশন সে কাজ করবে না।
তিনি বলেন, "হলফনামায় সঠিক তথ্য না দেওয়ার বিষয়ে আইনে দুই ধরনের মত রয়েছে। আইনে নির্বাচনের ৩০ দিনের মধ্যে বিষয়গুলো নিষ্পত্তির কথাও আছে। কিন্তু সময় অনেক পেরিয়ে গেছে।"
সালাউদ্দিন কাদের চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার ছকে 'নেই' উল্লেখ করেছেন। চট্টগ্রাম-২ আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী পেয়ারুল ইসলাম অভিযোগ করেন, সাকা চৌধুরী অসত্য তথ্য দিয়েছেন।
পরে নির্বাচন কমিশন অনুসন্ধানে দেখা যায়, সংসদে সংরক্ষিত সাকা চৌধুরীর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভিন্ন রকম তথ্য আছে।
হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ায় সাকা চৌধুরীর সংসদ সদস্য থাকার যোগ্য নয়- এ অভিমত জানিয়ে ইসি গত ১৭ জুন তার সদস্যপদ খারিজের ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারকে চিঠি দেয়।
একমাস পর সংসদ সচিবালয় এক চিঠিতে ইসিকে জানায়, বিষয়টি স্পিকারের এখতিয়ারভুক্ত নয়।
এরপর থেকেই বিষয়টি ঝুলে রয়েছে। এদিকে এনিয়ে ইসির সমালোচনা করে আসছেন সাকা চৌধুরী।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি জামালপুরে বলেন, "ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আগে হবে। তারপর পৌরসভা এবং এরপর বিভাগীয় পর্যায়ে ৬ দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।"
ইসি আগামী ফেব্র"য়ারির শুরুর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.
bdnews24