ঢাকা, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে নেদারল্যান্ড, ডেনমার্ক ও জার্মানির মানবাধিকার দূত অ্যারিয়ান হ্যামবার্গার, আমল্ড ডি ফাইন স্কিবস্টেড ও গুনটার নুকি ন সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী তাদের বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি বিচারবহির্ভূত যে কোন হত্যাকাণ্ডের বিরোধী। আইন-শৃঙ্খলাকারী বাহিনীর কোন সদস্য যদি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে দোষী হিসেবে সাব্যস্ত হয়, অবশ্যই বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।"
প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসীদের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে বলেন, "সে সময় কয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। প্রত্যেকটি মানুষের যেমন আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে, তেমনি আত্মরক্ষারও অধিকার রয়েছে।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয় বলেও প্রধানমন্ত্রী জানান।
আলোচনাকালে শেখ হাসিনা আরও বলেন, তার সরকারের আমলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশনসহ সকল কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবাধিকার দূতরা বর্তমান সরকারের আমলে মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব।
তিনি আরও জানান, জাতীয় সংসদকে কার্যকর করার ব্যাপারে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা দূতদের হানা।
একই সঙ্গে তিনি সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার জন্য বিরোধী দলকে সংসদে ফিরে এসে জনগণের পক্ষে কথা বলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, "ইতোমধ্যে বিরোধী দলের সংসদের আসন নিয়ে যে সমস্যা ছিল, তার সমাধান করা হয়েছে। সংসদ অধিবেশন বর্জন করার মত তাদের আর এখন কোন যৌক্তিক কারণ নেই। মোট সদস্য সংখ্যা অনুযায়ী তারা সংসদে প্রথম সারিতে যে আসন পান তার থেকে তাদের বেশি দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব এম আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২১৪৬ ঘ.
bdnews24