২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি'

দেশের সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রস্তাবিত শিক্ষানীতিতে এ বিষয়টি বাস্তবায়নের দিক-নির্দেশনা সংযোজনের আহবান জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:59 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব শিশুর শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। প্রস্তাবিত শিক্ষানীতিতে এ বিষয়টি বাস্তবায়নের দিক-নির্দেশনা সংযোজনের আহবান জানান তারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি: মৌলিক অধিকার হিসেবে প্রাথমিক শিক্ষা' শীর্ষক পর্যালোচনা সভায় বক্তারা এ আহবান জানান। বেসরকারি সংস্থা 'আমার অধিকার' সভার আয়োজন করে। বক্তারা বলেন, সংবিধানে মৌলিক নীতি হিসেবে শিক্ষার কথা বলা হলেও অধিকার হিসেবে এটি স্বীকৃতি পায়নি। প্রস্তাবিত শিক্ষানীতিকে ইতিবাচক উল্লেখ করে তারা প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা বেসরকারিভাবে পরিচালনার বিরোধীতা করেন। বক্তারা বলেন, দুই ক্ষেত্রেই শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ একরামুল কবীর, কমিটির সদস্য এবং জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শহিদুল ইসলাম, নটরডেম কলেজের অধ্যাপক এএন রাশেদা, রাজারবাগ পুলিশ লাইন স্কুল ও কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী। সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, "প্রস্তাবিত শিক্ষানীতিতে অনেক ইতিবাচক দিক রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটির বাস্তবায়ন শুরু করা। এখনই এটি নিয়ে কাজ আরম্ভ হলে অনেক দূরে যেতে পারব।" তিনি বলেন, "বাংলাদেশে শিক্ষা নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি উৎসাহীও। প্রস্তাবিত শিক্ষানীতির বাস্তবায়ন হলে অনেক সংকট দূর হয়ে যাবে। সুনাগরিক হিসেবে আদর্শ রাষ্ট্র পরিচালনায় নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।" প্রাথমিক স্তরে দ্বিতীয় ভাষা শিক্ষার বিষয়টি আরও আলোচনার মাধ্যমে করা উচিত বলে মতামত দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ একরামুল কবীর বলেন, প্রস্তাবিত শিক্ষানীতি প্রণয়ন কমিটি কাজ করার সময় দেশের সব স্তরের প্রস্তাব ও পরামর্শ পেয়েছে। তাই এ নীতি প্রণয়নে জনগণের সম্পৃক্ততা ছিল অনেক বেশি। শুধুমাত্র কমিটির সদস্যরা এটি প্রণয়ন করেছে তা বলা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২৩৫৯ঘ.