২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বোমা হামলা মামলায় আরিফ ফের রিমান্ডে

নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় গ্রেপ্তার করা ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে আবারও দুদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় গ্রেপ্তার করা ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে আবারও দুদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম বজলুর রহমানের আদালতে আরিফকে হাজির করে দ্বিতীয় দফা পাঁচ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিআইডি। আদালত দুদিনের অনুমতি দেয়। এদিকে বোমা হামলার ঘটনার পর আওয়ামী লীগের করা মামলার আসামি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার আদালতে হাজির হবেন। নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের হাজির হওয়ার এই দিন ধার্য রয়েছে। এর আগে গত ৬ আগষ্ট এবং ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হন আসামিরা। ২০০১ সালের ১৬ জুন বর্বরোচিত ওই বোমা হামলায় মারা যান ২০ জন নিহত হয়। আহত হয় শতাধিক। বোমা হামলার ঘটনার পরদিন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতা কর্মীকে আসামি করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ জুন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটি পুনরুজ্জীবিত করে সুষ্ঠু তদন্ত এবং নিষ্পত্তির আদেশ দেয়। মঙ্গলবার আরিফকে হেফাজতে নেওয়ার আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বারী ভূঁইয়া। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর রমনা থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর ইসলামকে গ্রেপ্তার করে সিআইডি। তিনি ঢাকা মহানগর বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে আরিফকে তিনদিনের জন্য হেফাজতে নিয়েছিল সিআইডি। এই মামলায় এর আগে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত হোসেন জুয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জুয়েল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৩ ঘ.