২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার সাতদিন পর মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে রীনা খাতুন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

রাজবাড়ী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ হওয়ার সাতদিন পর মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে রীনা খাতুন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রীনা চন্দনী গ্রামের বিশু শেখের মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। গত ৬ অক্টোবর রীনাকে ওই এলাকার বাসিন্দা রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র শাহীনুর শেখ অপহরণ করে। তবে রীনাদের দূর সম্পর্কের আত্মীয় শাহীনুর কোনো মুক্তিপণ চায়নি বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে গ্রামের বাসুদেব নামের এক ব্যক্তির বাঁশঝাড়ে দুজন মহিলা একটি কুকুরকে মাটিচাপা দেওয়া অবস্থায় একটি বস্তাবন্দি লাশ নিয়ে টানাটানি করতে দেখে লোকজনকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করলে রীনাকে সনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রীনার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সে (রীনা) নিখোঁজ হওয়ার দুদিনের মাথায় ৮ অক্টোবর বিশু শেখ ঘটনাটি পুলিশকে জানান। তবে পুলিশ মামলা নেয়নি। সোমবার বিশু শেখ রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহীনুর শেখকে আসামি করে একটি মামলা করেন। ওসি রফিকুল ইসলাম মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিনই নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়। তিনি জানান, ৬ অক্টোবর বিকেলে শাহীনুরই যে মেয়েটিকে হাত ধরে বাজার থেকে নিয়ে গেছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সেটা নিশ্চিত হয়েছে পুলিশ। শাহীনুর পলাতক বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৮ ঘ.