২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে গ্রেপ্তার জঙ্গি ওবায়দা কারাগারে

ফেনীর সোনাগাজী উপজেলা থেকে গ্রেপ্তার করা জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ফেনী, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলা থেকে গ্রেপ্তার করা জঙ্গি আবু ওবায়দা ওরফে হারুনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ওবায়দাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ফেনীর বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঠানো হয়। হাকিম মুনতাসীর আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তিনি জানান, যেহেতু ওবায়দার বিরুদ্ধে সিলেটে দুটি মামলা রয়েছে তাই তাকে সিলেট কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ২০০১ সালে সিলেটে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সোমবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া থেকে ওবায়দাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে শেখ হাসিনার জনসভায় বোমা মেরে তাকে হত্যা করার পরিকল্পনা করে হরকাতুল জিহাদ জঙ্গিরা। কিন্তু হামলা করার সুযোগ পায়নি তারা। সিলেটে যে বাসায় তারা আস্তানা গেড়েছিল রাতে সেখানে ফিরে বোমাগুলি খুলে রাখার সময় বিস্ফোরিত হয়। এতে মারা যায় দুই জঙ্গি। আহত অবস্থায় ধরা পড়ে মাসুদ আহমেদ ওরফে শাকিল ও ওবায়দা। এ ঘটনায় সিলেট কোতয়ালি থানায় হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। দুটি মামলার আসামি ওবায়দা জামিন পাওয়ার পর আত্মগোপন করেন। জামিন বাতিল করে সিলেটের জজ আদালত তার বিরুদ্ধে সর্বশেষ গত ১০ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এক দফা জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৬ ঘ.