সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েসিন্টফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র (এসসিসিআই) সভাপতিসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার গভীর রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ মসলিন এন্ড জামদানি সোসাইটির সভাপতি এমএ মঈন খান বাবলু।
মামলার আসামিরা হলেন- এসসিসিআই সভাপতি জুন্নুন মাহমুদ খান, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ-সভাপতি জুবায়ের আহমদ, সচিব সিরাজুদ্দৌলা, অতিরিক্ত সচিব গোলাম আকতার ফারুক, বাণিজ্য মেলা উপ-কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন আহমদ এবং অফিস সহকারী আলাউদ্দিন।
মামলার বিবরণ তুলে ধরে রোববার সিলেট প্রেসক্লাবে মঈন খান বাবলু এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঈন খান বলেন, সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের সময় ইভেন্ট ম্যানেজারে দায়িত্ব পাইয়ে দেওয়ার কথা বলে চেম্বার সভাপতিসহ অন্য আসামিরা বিভিন্ন সময় বাদীর কাছ থেকে এক কোটি ১০ লাখ টাকা গ্রহণ করেন।
কিন্তু পরবর্তীতে আসামিরা চেম্বার কর্তৃপক্ষ (আসামিরা) তাকে না দিয়ে আমির হোসেন নামের একজনকে মেলার ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব দেয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মামলাটি গ্রহণ করেছেন। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
আসামি চেম্বার সভাপতি জুন্নুন মাহমুদ খান বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। অন্য আসামিরা সিলেটেই আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24