চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা ১১ খুনের আসামি রসু খাঁ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে।
রোববার বিকেল চারটার দিকে চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আমিরুল ইসলামের আদালতে রসুকে হাজির করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে হাকিমের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শুরু করে সে।
জবানবন্দি শেষ হতে রাত হয়ে যাবে। এরপর তাকে চাঁদপুর কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন মামলার কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন।
প্রতিহিংসা পরায়ণ পেশাদার এ খুনিকে গত ৭ অক্টোবর রাতে টঙ্গীর নিরাশপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেন এসআই মীর কাসেম।
তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে রসু সব খুনের কাহিনী বর্ণনা করেন। লোমহর্ষকভাবে নির্যাতনের পর ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করেছে রসু। এর মধ্যে জেলার ফরিদগঞ্জে ছয়, চাঁদপুর সদরে চার ও হাইমচরে এক নারীকে মেরে ফেলে লাশ ভাসিয়ে দেয় সে। প্রথম প্রেমে ব্যর্থ হয়ে ১০১ জন নারীকে হত্যার পরিকল্পনা নিয়েছিল বলে রসু পুলিশকে জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে রসু জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আবুল খাঁর ছেলে রসু পেশায় কখনো হকার, কখনো রিক্সাচালক, কখনো ভাড়াটে দখলদার, কখনো ডাকাত আবার কখনো চোর।
১৬ বছর আগে সে এলাকা ছেড়ে টঙ্গীতে বসবাস শুরু করে। তখন শারমীন নামের এক বিত্তশালী পরিবারের মেয়ের সঙ্গে তার পরিচয় হয়।
শারমীন তার প্রেমের প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু রসু বেপরোয়া হয়ে ওঠলে শারমীনের পরিবার তাকে ধরে মারধর করে। এরপর সে মেয়েদের হত্যার নেশায় মেতে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৭ ঘ.
bdnews24