জামালপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়ি থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সাড়ে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
এতে জামালপুর-ঢাকা লাইনে চলাচলকারী কয়েকটি ট্রেন জামালপুর ও ময়মনসিংহে আটকা পড়ে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং রাত সাড়ে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেলের জামালপুর স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান।
আব্দুর রাজ্জাক রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টায় জামালপুর-ময়মনসিংহ লাইনে সদর উপজেলার নরুন্দী আউটার সিগন্যালের কাছে যাত্রীবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার কাজ শেষ করে।
দুর্ঘটনার ফলে কয়েকঘণ্টা সরিষাবাড়ি থেকে ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা জামালপুরে, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এবং সরিষাবাড়িগামী যমুনা ময়মননিসংহে আটকা পড়ে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24