২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন শুনানি রোববার

২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলায় নথিপত্রের অভাবে জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বিরুদ্ধে আবারও চাওয়া সাত দিনের আইনি হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলায় নথিপত্রের অভাবে জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বিরুদ্ধে আবারও চাওয়া সাত দিনের আইনি হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি হয়নি। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে। বৃহস্পতিবার মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনীরা এ দিন ধার্য করেন। এর আগে তিন দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবুল কাহার আকন্দ পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিন সময় চান। জিজ্ঞাসাবাদে নেওয়ার আবেদনে বলা হয়, আবদুস সালাম পিন্টু স্বীকার করেছেন ওই হামলার আগে তার ধানমণ্ডির বাসায় তার ভাই মাওলানা তাজউদ্দিনের ভায়রা মাওলানা আবু তাহেরসহ বেশ কয়েকজনের সঙ্গে হামলার বিষয়ে বৈঠক হয়। এছাড়া পিন্টু ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত আর্জেস গ্রেনেড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আরও তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গত ১ অক্টোবর আদালত পিন্টু ও এ মামলার আরেক আসামি আবু তাহেরকে তিন দিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। বৃহস্পতিবার এ মামলায় মাওলানা আবু তাহেরের পক্ষে আর রিমাণ্ড চাওয়া হয় নি। তবে খুলনার হোমিওপ্যাথ কলেজের শিক্ষক ডাক্তার আজিজুর রহমান অপহরণ মামলায় তাকে বৃহস্পতিবার বিকেলে তিন দিন রিমাণ্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/২১১৫ ঘ.