সিলেট, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের দিরাইয়ে আ. লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় ১৮ অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য হয়েছে।
বুধবার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক মুহম্মদ মাহবুব-উল-ইসলাম এ তারিখ নির্ধারণ করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের একটি রাজনৈতিক জনসভা শেষে সভামঞ্চে বোমা বিস্ফোরিত হয়। এতে একজন আ. লীগ কর্মী ঘটনাস্থলে মারা যায়।
তদন্ত শেষে ২০০৮ সালের ১৪ ডিসেম্বর পুলিশ হরকাতুল জিহাদের মুফতি হান্নানসহ ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দেয়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৩০ সেপ্টেম্বর সুনামগঞ্জের আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার টাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়।
শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24