ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় জঙ্গী এমাদুল্লাহ ওরফে মাহবুবকে আরও তিন দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
চারদিনের রিমান্ড শেষে বুধবার লস্কর-ই-তৈয়্যেবার সন্দেহভাজন এ সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে আরও ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আশরাফ হোসেন।
মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, এ দেশে লুকিয়ে থাকা এমাদুল্লাহর সহযোগিদের গ্রেপ্তারের জন্য তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ১ অক্টোবর রাজধানীর গাবতলী এলাকা থেকে এমাদুল্লাহকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার মাহবুব লস্কর-ই-তৈয়্যেবার আদর্শ নিয়ে গঠিত আসিফ রেজা কমান্ডো ফোর্সের সদস্য এবং বাংলাদেশ অঞ্চলের প্রধান।
সে পাকিস্তানভিত্তিক হরকাতুল জিহাদিয়া ইসলামিয়া আজাদিয়া-এর সদস্য ছিল বলেও পুলিশ জানিয়েছে।
গত বছরের নভেম্বরে ভারতের 'মুম্বাই হামলা'র জন্য লস্করকে দায়ী করা হয়। মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী আজমল আমির কাসাব লস্করের সদস্য বলে তদন্তে পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।
এছাড়া ২০০৬ সালের জুলাইয়ে মুম্বাই রেলে হামলা, ২০০৫ সালে দিপাবলী উৎসবের সময় দিল্লীতে হামলার ঘটনায় লস্করকে দায়ী করা হয়। এ তিন হামলায় পাঁচ শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএইচ/১৮৩৯ ঘ.
bdnews24