কক্সবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শহর কক্সবাজারে একটি হোটেল থেকে বুধবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রেহেনা (২৫) নামের ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়।
কলাতলী এলাকার সারমম গেস্ট হাউজের একটি কক্ষ থেকে দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুরে আলম মিনা।
হোটেলের নিবন্ধন খাতায় দেখা যায়, তিনি স্বামী-স্ত্রী পরিচয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ মুসা নামে এক ব্যক্তির সঙ্গে ওই হোটেলে ওঠেন।
পুলিশ জানায়, মুসা ঘটনার পর থেকেই পলাতক।
পুলিশ কর্মকর্তা নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে সারমম গেস্ট হাউজের একটি কক্ষে বিছানার ওপর রেহেনার জবাই করা লাশ পাওয়া যায়।"
তিনি বলেন, "ওই কক্ষে ছেঁড়া একটি ছবির অ্যালবামের মধ্যে এক যুবকের ছবি পাওয়া যায়। এছাড়া পাসপোর্টের একটি ছেঁড়া পাতা পাওয়া যায়।"
ছবির ওই যুবকটি হত্যাকারী ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।
সারমম গেস্ট হাউসের ব্যবস্থাপক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দম্পতি পরিচয়ে রেহেনা ও মুসা তাদের হোটেলে ওঠেন।
তিনি জানান, নিবন্ধন খাতায় মুসা লেখেন- মোহাম্মদ মুসা (২০), বাবা মোহাম্মদ শফি, হাটহাজারী, চট্টগ্রাম এবং স্ত্রীর নাম রেহেনা (২৫)।
তাদের মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ঘুরতে দেখা গেছে বলে হোটেল কর্মচারীরা জানান।
আজাদ বলেন, "বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মী কক্ষ পরিষ্কার করতে তাদের ডাকাডাকি করে। কোনও সাড়া না পেয়ে সে চলে আসে। বেলা সাড়ে ১২টার দিকে তাদের আবার ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।"
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "হত্যাকারীকে ধরতে চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24