২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে কন্টেইনার পাচার চেষ্টা: আরও এক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে গার্মেন্টস পণ্য ভর্তি কন্টেইনার পাচার চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে গার্মেন্টস পণ্য ভর্তি কন্টেইনার পাচার চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফ পাওয়ার টেক লিমিটেডের ইয়ার্ড সুপারভাইজার সুনীল দাশকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্দরের নিরাপত্তা কর্মীরা মঙ্গলবার সকালে সিসিটি থেকে আটক করে। সাইফ পাওয়ার টেক লিমিটেড বর্তমানে চট্টগ্রাম বন্দরের সিসিটি'র কার্যক্রম পরিচালনা করছে। বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কন্টেইনার পাচার চেষ্টার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সুনীল দাশকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তাকর্মীরা তাকে গ্রেপ্তারের পর বন্দর থানায় সোপর্দ করে বলে জানান তিনি। এর আগে গত শনিবার রাতে সিসিটির ফটক দিয়ে ভুয়া কাগজপত্র দেখিয়ে একটি কন্টেইনার বের করার সময় নিরাপত্তা কর্মীরা দুজনকে আটক করে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাইফ পাওয়ার টেকের দুই কর্মীকে রোববার গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও মঙ্গলবার পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২৩০৬ঘ.