২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে বিশ্বকাপ ক্রিকেট ও শিক্ষা বিষয়ে চারটি প্রকল্প অনুমোদন

পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করতে ১৪৬ কোটি টাকার একটি প্রকল্পসহ মোট ২৭৯ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করতে ১৪৬ কোটি টাকার একটি প্রকল্পসহ মোট ২৭৯ কোটি টাকার চারটি প্রকল্প অনুমোদন করেছে একনেক। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনা সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার সাংবাদিকদের একথা জানান। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্লাস ও সিরামিকের ওপর দুটি বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খনিজ ও পেট্রোলিয়াম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ খুলতে ১৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নতুন একাডেমিক বিভাগ চালু করতে অবকাঠামো উন্নয়ন ও ল্যাবরেটরি স্থাপনে এ বরাদ্দ দেওয়া হয়। অনুমোদন পাওয়া অন্য তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে ৫২ কোটি টাকা ব্যয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর ভেন্যু হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্প, ৫২ কোটি টাকা ব্যয়ে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর বিকল্প ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং ২৯ কোটি টাকা ব্যয়ে জাতীয় আর্কাইভস ভবন নির্মাণ: দ্বিতীয় পর্যায় (সংশোধিত) প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসকে/২২৫১ঘ.