ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বংশ পরম্পরায় তারা চোর। দাদা চোর, বাপ-চাচা এবং তাদের পরবর্তী প্রজন্মও চোর। দেশের সাম্প্রতিক সময়ের দুর্র্ধষ কয়েকটি চুরির ঘটনা তদন্তে এমনই একটি একটি বংশের সন্ধান পেয়েছে পুলিশ।
বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের এই 'করম আলী চোরা কোম্পানি'র অর্ধশতাধিক অনুসারী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজধানীসহ কয়েকটি বড় শহরে। করম আলীর ছেলে ফজলু, নাতি হানিফ ও রুস্তম চুরির দায়ে সাজাপ্রাপ্ত।
গত বছরের জানুয়ারি মাসে ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখায় চুরির ঘটনার মূল হোতা ছিল করম আলীর দুই নাতি হানিফ ও রুস্তম। গত মাসে (ঈদের সময়) গুলশানের নূর জুয়েলার্সে চুরির ঘটনায়ও করম আলীর শাগরেদরাই জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
নূর জুয়েলার্স থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের কিছু অংশ ও নগদ অর্থসহ আড়াই লাখ টাকা বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ চার চোর, চুরি যাওয়া মালামালসহ এক চোরের মা-বাবা ও একজন স্বর্ণক্রেতাকে গ্রেপ্তার করেছে।
অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) এর অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান জানান, গুলশানের নূর জুয়েলার্সে চুরির ঘটনার হোতা জাকির হোসেনসহ চার চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, জাকির পুলিশকে জানিয়েছে ধানমণ্ডির ব্র্যাক ব্যাংকে চুরির ঘটনায় কারাবন্দী করম আলীর নাতি হানিফ তাকে নূর জুয়েলার্সে চুরির পরামর্শ দেয়। তার পরামর্শ ও দিক নির্দেশনাতেই জাকির এ চুরির কাজে হাত দিয়েছিল।
শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা ইসাহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ছোট বেলা থেকেই করম আলী চোরার নাম শুনে আসছি। ব্রিটিশ-পাকিস্তান আমলে করম আলী খুব কুখ্যাত ও দক্ষ চোর ছিল। তারপর থেকে তার পরিবারের সবাই চৌর্যবৃত্তিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। বিভিন্ন সময় করম আলী চোরার পরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে পরোয়ানা নিয়ে দেশের বিভিন্ন এলাকার পুলিশ খোন্তাকাটা ইউনিয়নে এসেছে।"
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ২০০৮ সালে করম আলীর ছেলে ফজলুকে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টের একটি আলিশান বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিলাসবহুল জীবন যাপন করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এএল/এইচএ/১৪৫০ ঘ.
bdnews24