চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রোববার রাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাড়ি থেকে আনসার মোমিন (৫৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক খাতের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২ সেপ্টেম্বর উপজেলার বোয়ালিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের স্ত্রী তসলিমা বেগম চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। আনসার মোমিন মামলার ১১ আসামির একজন।
মামলায় বলা হয়, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এবং তার দুই চাচাতো ভাই রাজ্জাক ও সাইফুলকে বাড়ি থেকে ধরে নিয়ে স্থানীয় গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে আসামিরা দিনভর নির্যাতন চালায়। ওই রাতেই রহনপুর এবি হাইস্কুলে পাক হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24