ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে রোববার সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন।
নিহত মোহেল চৌধুরী (৩০) সপরিবারে কদমতলীর পূূর্ব ধোলাইপাড়ে থাকতেন।
তিনি বিভিন্ন ধরনের মালামাল কেনা-বেচার ব্যবসা করতেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব-উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ধোলাইপাড়ের ১ নম্বর গলির মুখে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় দু'টি মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী মোহেলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে এলাকাবাসী মোহেলের লাশ পাশেই তার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়।
নিহতের মা আঞ্জুমান বেগম জানান, ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দা নাসির ও রাজীবের সঙ্গে অনেকদিন ধরে তার ছেলের বিরোধ চলছিলো। এ কারণে তারা মোহেলকে হত্যা করতে পারে।
পুলিশ কর্মকর্তা আইয়ুব-উর রহমান রাত নয়টায় বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। জড়িত সন্দেহভাজনদের সনাক্তের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এএনএস/এইচএ/২২২০ ঘ.
bdnews24