রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনার জের ধরে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে স্থানীয় আ. লীগ।
শনিবার দুপুরে নগরীর মতিহার থানা সেচ্ছাবেক লীগের যুগ্ম-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মিজনুরের মুক্তি দাবি এবং মতিহার থানার ওসির বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে রাতে বিক্ষোভ সমাবেশ শেষে আ. লীগ ও সেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা-কর্মীরা এই ঘোষণা দেন। তা না হলে আন্দোলন-সংগ্রামের হুমকি দেওয়া হয়।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন রাতে জানান, ১২ আগস্টের একটি হামলা এবং ১১ সেপ্টেম্বরের একটি খুনের মামলায় দুপুরে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে মিজানুরের মুক্তির দাবিতে রাত সাড়ে ৮টার দিকে মহানগর, রাবি শাখা, মতিহার থানা এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কাজলা এবং তালাইমারিতে বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে তারা ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে তার অপসারণ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24