বগুড়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিসিআই) আগামী ২০ অক্টোবরের নির্বাচন বাতিল ঘোষণা করেছে এফবিসিসিআই'র সালিশি আদালত।
মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে আলাদা দু'টি অভিযোগের শুনানি শেষে এমএম মুন্সেফ আলীর নেতৃত্বে গঠিত ফেডারেশন অব চেম্বরাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) চার সদস্যের আদালত শনিবার এ আদেশ দেয়।
আদেশে পূর্ব ঘোষিত নির্বাচনের জন্য গঠিত 'নির্বাচন পরিচালনা কমিটি' ও 'নির্বাচনী আপিল বোর্ড' বিলুপ্ত এবং গত ২৯ জুলাই ঘোষিত নির্বাচনী তফশিলও বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধাদান সম্পর্কিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে আদেশে বলা হয়, এফবিসিসিআই'র তত্ত্বাবধানে স্বচ্ছ নির্বাচন পরিচালনা কমিটি ও আপিল বোর্ড গঠনের মাধ্যমে খুব শিগগিরই বগুড়া চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে।
গোলাম রসুল খান রানা ও আইনুল হক সোহেল অভিযোগ করেন, গত ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে স্বেচ্ছাসেবক লীগ ক্যাডারদের বাধার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও তার অনুসারী ব্যবসায়ী ছাড়া কেউ মনোনয়নপত্র তুলতে পারেননি। বাধা উপেক্ষা করায় সন্ত্রাসীরা অভিযোগকারীদের চার প্রতিনিধিকে মারধর করে চেম্বার ভবন থেকে তাড়িয়ে দেয়।
ব্যবসায়ী আইনুল হক সোহেল ও বগুড়া চেম্বারের বর্তমান সহ-সভাপতি গোলাম রসুল খান রানা আলাদাভাবে গত ২৭ ও ২৯ সেপ্টেম্বর এফবিসিসিআই'র সালিশী আদালতে লিখিত অভিযোগ করেন।
শুনানিকালে অভিযোগকারী ও বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আদেশের কপি পাইনি, তবে শুনেছি। এফবিসিসিআইয়ের সালিশি আদালত যে আদেশ দেবে, তা আমরা মানতে বাধ্য। আশাকরি, নতুনভাবে ভালো নির্বাচন হবে।"
গোলাম রসুল খান রানা ও আইনুল হক সোহেল এ আদেশকে নিরপেক্ষ ও সঠিক বলে আখ্যায়িত করে আগামীতে বগুড়া চেম্বারের একটি সুন্দর নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০০৪ ঘ.
bdnews24