সাতক্ষীরা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় শনিবার ভোররাতে তিন যুবককে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
তাদের সীমান্ত পার হতে সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে পাঁচজনকে।
আটক করা আটজন হলেন- সদর উপজেলার খলিলনগর গ্রামের জিল্লুর রহমান (১৭), কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের ইব্রাহিম হোসেন (১৯) ও মোস্তাফিজুর রহমান (১৯), সদর উপজেলার মাহমুদপুর গ্রামের হোসেন আলী (৩২), হাফিজুল ইসলাম (৩০), মিলন মিয়া (২১), গাংনিয়া গ্রামের আসাদুল ইসলাম (৩০) ও সুকুমার মণ্ডল (২০)।
৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার ভোর চারটার দিকে এই তিন যুবক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। সাতক্ষীরার গাজীপুর সীমান্ত এলাকা থেকে বিডিআর এর একটি টহলদল তাদের আটক করে।"
এ সময় তাদের পারাপারে সহায়তা করায় পাঁচ দালালকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, চিকিৎসা ও ভাল কাজের সন্ধানে তারা তিনজন কয়েকদিন আগে অবৈধ পথে ভারত গিয়েছিলেন।
ডিএডি মাহবুব জানান, আটক আটজনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিআর নায়েক হাকিম আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24